আমি সেলিম হোসেন, নিজের শরীরে নিজেই হারিয়ে গিয়েছি। এরকম অসংখ্য সেলিম আমার এই শরীরে বিলীন হয়ে গিয়েছে। ওরা নিজেকে উৎসর্গ করেছে বলেই আমি বেড়ে উঠেছি, আজকের চেহারা পেয়েছি। কী সুন্দর ছিলো ওরা, কিন্তু আমার পথ সুগম করতে গিয়ে নিজেরা খুব অল্প সময় দেখা দিয়ে হারিয়ে গিয়েছে।
নিষ্পাপ ওরা ভাবতো বড় হবে, বড় হলেই বুঝি অনেক কিছু পাওয়া যায়, ভালো থাকা যায়। কিন্তু পরিবারের আদর যত্নে ওরা বোঝে নি যে, বড় হলে জীবনে অনেক জটিল পথ পাড়ি দিয়ে হয়। এই আমি এখন বুঝতে পারছি, তবুও আমি বেঁচে থাকলে এই শরীরেই আমি বিলীন হয়ে যাবো, একজন সাদা চুলের, চামড়া কুঁচকানো মানুষের শরীরে।
সেই সাদা চুলের বুড়ো লোকটা ঠিকই অনুভব করবে আমি কথা বলছি, আমার আগের যেসব ভার্সন ইতোমধ্যে এই শরীরে মিশে আছে ওরাও কথা বলবে। সবাই সবার টোনে কথা বলবে, কিন্তু বুড়ো সেলিম আপ্রাণ চেষ্টা করে সেসব কথার কিছুই প্রকাশ করবে না। কারণ, সে বুড়ো, সে তার কথাই শুধু বলবে। যে কথা সমাজ বলতে অনুমোদন করে শুধু সেসব কথাই বলবে।
দুঃখ হয়, বুড়ো সেলিমের জন্য, অন্তত এক ডজন সেলিমকে ভেতরে ধারণ করেও সে কারও কথাই এই সমাজে বলতে পারবে না, অনুভূতি জানান দিবো, সেটাও সে প্রকাশ করতে পারবে না।
আহ! বুড়ো সেলিম!! কী কষ্টই না তোমার জন্য অপেক্ষা করছে।
