পোড়া হৃদয় 

আগুনে পোড়া কতটা ভয়ংকর?
হৃদয় পোড়ার চেয়ে বেশি?
বাতাসের অভাবে
দম বন্ধ হওয়া কতটা যন্ত্রণার?
হৃদয়ের তৃষ্ণার্ত হাহাকারের চেয়ে বেশি?
পুরো সৌরজগৎ কতটা ভারী?
এক পৃথিবী না বলা কথা
বয়ে বেড়ানোর চেয়ে বেশি?

প্রাণহীন মঙ্গলের জীবন কতটা একাকী?
কোটি কোটি মানুষের ভীড়ে একাকীত্বের চেয়ে বেশি?

তুমি কি সে প্রেম দেখেছো,
যে প্রেমে হৃদয় পুড়তে থাকে অনন্তকাল?
যে নেভাতে পারে সে আগুন,
সে কখনও তা অনুভব করে না।

কী নৃশংস সে হৃদয়!
কী হৃদয়হীনা সে হৃদয়!!

 

পোড়া হৃদয়

সেলিম হোসেন

১৮ নভেম্বর ২০২৬ | বুধবার । ঢাকা | ৬ঃ৩২ সন্ধ্যা

Scroll to Top