নীলক্ষেতকে মিস করতে লাগলাম, পুরনো প্রেমিকার মতো

স্কুল থেকেই দেখে এসেছি বইয়ের প্রথম দিকের পাতায় লেখা থাকতো- বাংলাবাজার, ঢাকা।

ভাবলাম এবার নীলক্ষেতে না গিয়ে বাংলাবাজারেই যাই, বাংলাবাজারই যেহেতু বইয়ের বাজারের মা-বাপ।

২০২৫ দিন দিয়েক পরেই বিদায় নিবে। ঢাকাতে এবার বেশ শীত। লেগুনা থেকে লালকুঠি নেমে যানজট এড়িয়ে হাঁটা শুরু করলাম। নবাব বিরিয়ানি মোড় থেকে বায়ের রোডে ঢুকলেই বাংলাবাজার বইয়ের বাজার পাওয়া যায়।

নীলক্ষেতের কাস্টমার আমি, বাংলাবাজার এসে তাই প্রাণ খুঁজে পাচ্ছি না। তবুও বইটা আজ এখান থেকেই কিনতে চাই। দোদুল্যমান চিত্তে রহমান বুকশপের দিকে এগোলাম, দোকানে থাকা ব্যক্তিকে দেখে মনে হলো তেমন ধমক দিবেনা কাস্টমারকে। সেই সাহসে এগিয়ে গেলাম। দোকানীর সাথে কথা বলে তো নিজেকে পাক্কা জহুরী মনে হতে লাগলো। ছেলে ভালো, আন্তরিকভাবে কথা বলছিলো।

আমার দরকারী বইটার নাম বলতেই জানালো- আছে, কয়টা লাগবে।

আমি এক কপির কথা জানালাম।

জানানোর পরে সে তার সামনের দোকান থেকে আরেকটা ছেলেকে ডেকে আনলো। বইয়ের নাম দিয়ে কোথায় যেন পাঠিয়ে দিলো। হয়তো গোডাউনে, সব বইতো আর সবসময় দোকানে রাখা সম্ভব হয় না।

মিনিট দশেক পরে বই নিয়ে ফিরলো ছেলেটা। আমি একটু ঘেটেঘুটে দেখে দাম জানতে চাইলাম। ছেলেটা বললো ৬৫০টাকা।

আমি বললাম- ভাই এত টাকা! একটু কম রাখেন।

– দেন ২০ টাকা কম দেন।

– ২০ টাকা কম! অনেক দাম চাচ্ছেন ভাই।

– কত বেশি?

– সেটা জানি না, তবে এত টাকা দিয়ে তো বই কিনতে পারবো না। কত হলে বিক্রি করবেন সেটা বলেন।

– একদাম সাড়ে পাঁচশ টাকা।

– তবুও অনেক বেশি। আমি তো ভাবছি আড়াইশ তিনশ টাকা হবে।

– আপনার বই সম্পর্কে ধারণা নেই, এই দামে বই পাইবেন না।

– বই সম্পর্কে আমার ধারণা নেই, ঠিক বলেছেন আপনি। আপনি বইটা রাখেন, আমি একটু ধারণা নিয়ে আসি।

বই রেখে চলে গেলাম। ধারণা নিতে বিভিন্ন দোকানে বই খোঁজা আরম্ভ করলাম। কেউ আমার দরকারি বইটা চেনেও না, ব্যাচেও না। হাঁটতে হাঁটতে গোটা চল্লিশেক দোকান পেরিয়ে বিদ্যাজগৎ লাইব্রেরির সামনে পৌঁছলাম। বই বের করে দিলো। দুই লেখকের বই। দাম ৪৫০ টাকা।

বললাম- ভাই একটু কম রাখেন দাম।

– আপনার কাছে ৫০০ চাইতাম, কিন্তু আপনি অনেক দূর হাইটা আসছেন দেইখা সাড়ে চারশ চাইছি।

– কীভাবে বুঝলেন আমি অনেক হেঁটে এসেছি!

– একটু আগে আপনি যাগো কাছ থিকা বই দেখছেন, ওরা আমার থিকাই লইয়া গেছিলো। এইখানে আর কেউ ব্যাচে না।

– ভাই, থ্যাঙ্কিউ দাম কম বলছেন, কিন্তু প্লিজ চারশ রাখেন।

– আমরা বেশি দরদাম করি না। একদাম ৪৩০ টাকা।

যাইহোক, আমি ৪৩০ টাকা দিয়ে বইটা কিনে নিলাম।

কিন্তু মনে মনে নীলক্ষেতকে মিস করতে লাগলাম, পুরনো প্রেমিকার মতো।

#nilkhet #banglabazar #book 

 

Scroll to Top