ভালো থাকবেন কাকা!

বিনা স্বার্থে যে গুটিকয়েকজন মানুষ সাক্ষাতে বা অবর্তমানে আমার খোঁজ নিতেন, তাঁদের মধ্যে একজন ছিলেন মোজাহার কাকা। গ্রামে তিনি মোজার মাস্টার নামে পরিচিত ছিলেন।

রামনগর স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর ষাটের দশকের উঁচু সাইকেল ছিলো, ক্যারিয়ার ছাড়া। সেই সাইকেলে করেই তিনি গ্রাম থেকে স্কুলে দৈনিক যাতায়াত করতেন। পুরু চমৎকার গোঁফ ছিলো, দেখেই বোঝা যেত সেটাকে বেশ যত্ন করা হতো। শিক্ষকতার সময়ে ‘গোঁফ স্যার’ নামেও তিনি বহুল পরিচিত ছিলেন। ব্যাপক সম্মানের সাথে তিনি শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

ছোটবেলা থেকে শেষদেখা পর্যন্ত যতবারই তাঁর সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে, কুশল বিনিময় হয়েছে। সেটা তিনি চলন্ত সাইকেলে থাকলেও মিস হয় নি কোনদিন। এত চমৎকার করে তিনি আমার সাথে কুশল বিনিময় করতেন ! আমি কোনদিন হয়তো সেই টোন ভুলবো না। 

এরপর আমিও বেড়ে উঠেছি, কাকাও বয়সের ভারে দুর্বল হয়েছেন। লাঠি নিয়ে সেই দুর্বল শরীর ভারসাম্য করে চলতেন সাবধানে।

আমাদের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করার সময়ে আমার মা-বাবার সাথে দেখা হলে আমার কথা জিজ্ঞেস করেন নি, এমন কখনও হয় নি। কারণ, প্রতিবারই আম্মু আমাকে ফোনে জানাতেন- তোমার মোজার কাকা আজ তোমার কথা জিজ্ঞেস করছিলেন।

আম্মু সালাম দিলে, কাকা উত্তর দিয়ে জিজ্ঞাসা করতেন- সেলিম ভালো আছে? বৌমা কেমন আছে? বৌমার পড়ালেখা শেষ হয়েছে? এই প্রশ্নগুলো একদম কমন ছিলো।

আমি ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে এসেছি। আমাকে সম্ভবত খুব কম মানুষ চেনে। আমিও আমার জুনিয়র তেমন কাউকেই চিনি না।

যারা আমাকে চেনেন, দেখা হলে পরিচয় না দিয়েই যাদের সাথে কথা বলা যায়, এমন মানুষদের মাঝে মোজাহার কাকা অন্যতম।

তেমন কিছু কথা না, জাস্ট দেখা হলে আমার সালাম দেয়া, কেমন আছেন জিজ্ঞাসা করা, এর জবাবে কাকারও জিজ্ঞাসা- হ্যাঁ, তুমি ভালো আছো?

অকৃতদার এই চমৎকার একজন মানুষের সাথে আমার একদম এই সংক্ষিপ্ত ভাব বিনিময়ের ভেতর দিয়ে অসম্ভব রকমের এক স্নেহ, গুরুত্ব আর মূল্যবোধ পেয়েছি। এতেই আমি কাকার কাছে ঋণ বোধ করি।

মাস্টার কাকা ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার মায়াহীন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন।

কাকা, আপনি কোনদিন জানতে পারলেন না, এই অখ্যাত, জ্ঞানহীন, দীনহীন, অতিক্ষুদ্র একটি রুগ্ন যুবকের হৃদয়ে আপনার জন্য কতটা শ্রদ্ধা। আপনার চলে যাবার খবর পেয়ে কিছুক্ষণ কথা খুঁজে পায় নি, অগোচরে ভিজেছে চোখযুগল।

মহান আল্লাহ, আপনাকে ক্ষমা করে প্রিয় করে নিন। অনেক দোয়া আপনার জন্য। ভালো থাকবেন কাকা!

 

Scroll to Top